রাজধানীর মিরপুরে “জুলাই শহীদ আকরাম খান রাব্বি স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫” অনুষ্ঠিত হয়েছে। ১৮ আগষ্ট (সোমবার) মিরপুর কলেজ ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মিরপুর কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও বিএনপি'র নির্বাহী কমিটির সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. আহমদ আলী।
প্রধান অতিথির বক্তব্যে সাইদুর রহমান বলেন, “শহীদ আকরাম খান রাব্বি ছাত্র আন্দোলনের সাহসী কণ্ঠস্বর ছিলেন। খেলাধুলার মধ্য দিয়ে তরুণ প্রজন্মকে শৃঙ্খলা, ঐক্য আর ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করাই হবে তার প্রতি সত্যিকারের শ্রদ্ধা।”
অধ্যক্ষ ড. আহমদ আলী বলেন, “শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা ও নেতৃত্ব গড়ে তুলতে খেলাধুলার কোনো বিকল্প নেই। আজকের এই টুর্নামেন্ট ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক অনন্য উদাহরণ।”
এ সময় ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সভাপতি রবিন খান তার বক্তব্যে বলেন,
“শহীদ আকরাম খান রাব্বি আমাদের অনুপ্রেরণা। তিনি গণতন্ত্রের আন্দোলনে জীবন উৎসর্গ করেছেন। আমরা চাই আকরাম খান রাব্বির স্মরণে একটি স্মৃতি সংসদ গড়ে তুলতে। আজকের প্রজন্ম যদি খেলাধুলা, সংগঠন আর ইতিবাচক কাজে সম্পৃক্ত হয়, তবে দেশ থেকে চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদক নির্মূল হবে। ছাত্রদল বিশ্বাস করে—শিক্ষা, ঐক্য ও সংগ্রামই আমাদের শক্তি।”
টুর্নামেন্ট চলাকালে শিক্ষার্থীদের উচ্ছ্বাস, দর্শকদের করতালি ও স্লোগানে পুরো মাঠ উৎসবমুখর হয়ে ওঠে। খেলা শেষে বিজয়ী দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন অতিথিরা।